যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০১:২৭ পিএম

নভেল করোনাভাইরাসের নতুন কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্ত ও মৃতের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে এটি। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩০ হাজার ৯৮৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ৬ লাখ ৩৮ হাজার ১১ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। তবে সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজারের বেশি মানুষ। 

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮ টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যায় দুই হাজার ৬০০ জন। 

দেশটিতে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। অঞ্চলটিতে মারা গেছেন ১০ হাজার ৮৯৯ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজারের বেশি। 

প্রতিদিন মৃতের সংখ্যা বাড়তে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য , “পরিসংখ্যানে বোঝা যাচ্ছে, আক্রান্ত-মৃতে দেশ সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেছে।'

অর্থনৈতিক পরিস্থিতি সচল করতে চলমান লকডাউন উঠিয়ে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। যদিও এ নিয়ে অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছে। 

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বুধবার এর আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ায় বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৩৭ হাজার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত