করোনা-উত্তর পৃথিবীতে আর্থিক বৈষম্য কমবে: করবিন

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১২:২৫ পিএম

নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসলে ‘সুন্দর এক পৃথিবীর’ সম্ভাবনা দেখছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন। তিনি মনে করেন করোনাভাইরাস সংকট বিশ্ব বৈষম্যকে উন্মোচিত করেছে এবং দারিদ্র্য দূরীকরণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছে।

আল-জাজিরার সোশ্যাল মিডিয়া অনুষ্ঠান ‘দ্য নিউ নরমাল’-এ প্রচারিত সাক্ষাৎকারে করবিন করোনাভাইরাস কীভাবে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধানকে প্রভাবিত করবে, তা নিয়ে আলোচনা করেন।

যুক্তরাজ্যের লকডাউনে লন্ডনে নিজের বাড়ি থেকে কাজ করা করবিন বলেন, ‘করোনাভাইরাস সংকট আমাদের গ্রহটি কতটা অসম, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপসহ বিশ্বের অন্যান্য অংশে আমাদের সমাজ কতটা অসম, সে বিষয়ে জোর দিয়েছে। করোনাভাইরাসের পরে এটা আর কখনো একই হতে পারে না। ধনী-গরীবের বৈষম্য নতুন পৃথিবীতে কমবে।’

করোনা-উত্তর পৃথিবী নিয়ে করবিন বলেন, ‘কভিড-উত্তর পৃথিবী ভিন্ন এক জায়গা হবে।’

করবিন মনে করেন, ‘করোনা সংকট রাজনৈতিক মনোভাব বদলাবে। ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ দেখা যাবে।’

যুক্তরাজ্যে ১ লাখ ৪ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং ১৩ হাজার ৭০০ মানুষ মারা গেছে।

এত মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে করবিন বলেন, ‘সুদিন নিশ্চয়ই আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত