করোনাভাইরাসে সেবাকর্মীদের হয়রানি করলে বিচ্ছিন্ন করা হবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ। সোমবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বলা হয় বিদ্যমান করোনাভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সেবাখাতের কর্মীদের হয়রানি করলে বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
বিবৃতিতে বলা হয়, ‘শোনা যাচ্ছে কিছু বাড়িওয়ালা এসব নিবেদিতপ্রাণ চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তিদের এবং হোম আইসোলেশনে থাকা করোনাভাইরাস আক্রান্ত মানুষকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হয়রানিমূলক আচরণ করছেন, যা খুবই দুঃখজনক ও অমানবিক।’
হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, ‘জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি, জরুরি সেবাদানকারী ব্যক্তি, সংবাদকর্মী এবং করোনাভাইরাস আক্রান্ত হোম আইসোলেশনে থাকা কোনো ব্যক্তিকে কোনো বাড়িওয়ালা কর্তৃক হয়রানি করার তথ্য পাওয়া গেলে ওই সব বাড়িওয়ালার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।’
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকোর ওয়েবসাইটে দেওয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে এ ধরনের কোনো হয়রানির তথ্য জানানো যেতে পারে। এ ধরনের অভিযোগ পাওয়ার পর যাচাই করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেওয়া হবে।
অনুরূপভাবে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির ওয়েবসাইটে দেওয়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও গ্রাহক সেবা কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করে হয়রানির তথ্য জানানো হলে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
