নভেল করোনাভাইরাস রোধে লকডাউন চলছে দেশে। এতে ঘরবন্দী মানুষের কাছে বাজার পৌঁছে দিচ্ছে স্পাইডারম্যান। এই ঘটনা ঘটেছে তুরস্কে।
এনডিটিভি জানায়, এই স্পাইডারের নাম বোরাক সোয়লু। সুপারহিরো স্পাইডারম্যান সেজে ঘরবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। মানুষকে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তিনি।
গুডডবেল নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে তুর্কি স্পাইডারম্যানের এই গল্প শেয়ার করা হয়েছে।
জানা যায়, বোরাক সোয়লু স্পাইডারম্যানের মতো পোশাক পরে নিজের বিটল গাড়ি চেপে ঘুরে বেড়ান এবং যখনই কোনও ব্যক্তির কোনও কিছু প্রয়োজন হয় তিনি পৌঁছে যান।
বিশেষ করে কোনও বয়স্ক দম্পতি, যারা এই ভাইরাসের কারণে বিশেষ ঝুঁকির মুখে রয়েছেন তাদের দুধ এবং অন্য প্রয়োজনীয় খাবার পাঠাতে স্পাইডারম্যান সোজা তাদের বাড়িতে পৌঁছে যান।
এই বিষয়ে বোরাক সোয়লুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমার সুপারপাওয়ার আমার প্রতিবেশীদের কাজে আসছে, এর চেয়ে বড় খুশির জিনিস আর কী-ই বা হতে পারে?'

গুডডবেলের পোস্টে এই স্পাইডারম্যানের বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, স্পাইডারম্যানের পোশাক পরা বোরাক সোয়লু একটি দোকান থেকে সবজি কিনছেন। অন্য ছবিতেই দেখা যাচ্ছে বয়স্ক দম্পতিদের তিনি ব্যালকনি থেকে খাবার পৌঁছে দিচ্ছেন। গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোর ছবিও আছে এতে।
তুরস্কে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯৮০ জন মানুষ। এরমধ্যে মারা গেছেন দুই হাজার ১৪০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে কয়েক দফা কারফিউ জারি করা হয়।
