আখাউড়া পৌরসভার দেবগ্রামে এক চিকিৎসক পরিবারের পাঁচ সদসদ্যসহ করোনায় আক্রান্ত হয়েছেন।বুধবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে আখাউড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা আক্রান্ত আখাউড়া পৌরসভার ওই চিকিৎসকের শ্বশুর (৬০), শাশুড়ি (৫৫), দেবর (৩৯), দেবরের স্ত্রী (৩০) এবং আরেক নারীসহ (৩৫) পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের সংস্পর্শে থেকে তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনার নমুনা সংগ্রহ করতে গিয়ে আখাউড়া দেবগ্রামের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন। এ চিকিৎসক একটি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। তিনি আখাউড়া শ্বশুর বাড়ি থেকে বিজয়নগর আসা-যাওয়া করে ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে অসুস্থ বোধ করলে দু'দিন শ্বশুর বাড়িতে থাকার পর ১১ এপ্রিল তিনি নমুনা দিয়ে ময়মনসিংহ চলে যান। পরে গত ১৪ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
পরে খবর পেয়ে আখাউড়া উপজেলা প্রশাসন তার শ্বশুর বাড়ি এলাকা আখাউড়ার পৌরসভার দেবগ্রামের একটি অংশ লকডাউন করে দেয়। সংশ্লিষ্টদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হতে নির্দেশ দেয়। একই সঙ্গে ওই চিকিৎসকের পরিবারের ১৫ সদস্যদের নমুনাও সংগ্রহ করা হয়।
