করোনার ভয় ও লাকডাউন উপেক্ষা করে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের ৩ শতাধিক তাঁত শ্রমিক খাদ্য ও কাজের দাবিতে বিক্ষোভ করেছে। এ সময় তারা শাহজাদপুর-কৈজুরি সড়ক আবরোধ করে রাখে।
মানববন্ধন চলাকালে তাঁত শ্রমিক আব্দুল হান্নান মাখনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, তাঁত শ্রমিক মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মাসুদ পারভেজ, আজিজুল হাকিম প্রমুখ।
বক্তারা বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রায় ১ মাস ধরে এ ইউনিয়নের প্রায় ৫ হাজার তাঁত বন্ধ রয়েছে। ফলে এখানকার প্রায় ১০ হাজার তাঁত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাদের ঘরে অভাব অনটন দেখা দিয়েছে। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন।
বিক্ষোভ চলাকালে সড়কের দুই পাশে শত শত যানবহণ আটকা পড়ে। খবর পেয়ে শাহজাদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে দ্রুত সময়ের মধ্যে খাদ্য সামগ্রী ও কাজে ফেরার আশ্বাস দিলে তারা মানববন্ধন ও অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু সরকার বলেন,আমার ইউনিয়নে নদীভাঙ্গা ও তাঁত শ্রমিক ও অভাবি মানুষ বেশি। চাহিদার তুলনায় বরাদ্দ কম। তাই যাদের বেশি দরকার, তাদের আগে দিচ্ছি। যারা বাদ পড়েছেন তাদেরকে পর্যায়ক্রমে দেওয়া হবে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রমূলক ভাবে তাঁত শ্রমিকদের উস্কানি দিয়ে এ কাজ করিয়েছে। আমরা তালিকা করে অভাবি সবাইকে খাদ্য সহায়তা দিচ্ছি। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।
