দরিদ্রদের জন্য মাস্ক সেলাই করছেন ভারতের ফার্স্ট লেডি

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১০:৫৯ এএম

ভারতের সরকারি এক নির্দেশনা অনুযায়ী, কর্মক্ষেত্র বা যে কোনো ধরনের জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক। কভিড-১৯ বিরোধী এই লড়াইয়ে যোগ দিলেন দেশটির প্রেসিডেন্টের স্ত্রী সবিতা কোবিন্দ।

সংবাদ প্রতিদিন জানায়, দরিদ্রদের সুবিধার্থে নিজের হাতে মাস্ক তৈরি শুরু করেছেন ফার্স্ট লেডি সবিতা। করোনার প্রেক্ষিতে দিল্লির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যারা থাকছেন তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে এই মাস্ক।

সম্প্রতি প্রকাশ্যে আসে একটি ছবি। সেখানে লাল রঙের একটি মাস্ক পরিহিত অবস্থায় সেলাই মেশিন ব্যবহার করতে দেখা যায় সবিতাকে।

জানা যায়, করোনা পরিস্থিতিতে দিল্লির দুস্থদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি ভবনের শক্তি এস্টেটে বেশ কিছুদিন ধরেই মাস্ক তৈরি করছেন তিনি। মাস্ক তৈরি ও বিলির মাধ্যমে সবাইকে সচেতনতার বার্তাও দিচ্ছেন।

এই পরিস্থিতিতে নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে প্রত্যেককে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৩০০ ছাড়িয়েছে। মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত