নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া চেকপোস্ট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার মদন উপজেলার চাঁনগাঁও এলাকার বরিশাল জেলার কালু মুন্সির ছেলে আলী মিয়া (৭০) ও বরিশাল জেলা সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩০)। এ সময় আনোয়ার নামে একজন আহত হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার (এসআই) উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে গাউছিয়া থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় সিএনজিটি উপজেলার আধুরিয়া চেকপোস্টে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা দুজন যাত্রী নিহত ও একজন আহত হয়। এ সময় ট্রাকটি পালিয়ে গেলে সিএনজি চালকও পালিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
