৫০ গ্রামের মানুষ রোজা শুরু করছে শুক্রবার থেকেই

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৮:০৭ পিএম

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে হযরত সুরেশ্বরী (রাঃ) এর ভক্ত অনুসারীরা মাদারীপুরের ৫০ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ শুক্রবার রোজা রাখছেন। বিষয়টি নিশ্চিত করেন সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন।

সুরেশ্বর দরবার শরীফের প্রধান গদীনশীন পীর আলহাজ্ব খাজা শাহ্ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইন জানান, ২৩ এপ্রিল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার  সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে রোজা রাখছেন। তাই সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর মাদারীপুর ও শরিয়তপুর জেলাসহ বাংলাদেশের প্রায় এক কোটি ধর্ম প্রাণ মুসলমান ২৪ এপ্রিল শুক্রবার রোজা রাখছেন বলে নূরে আক্তার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে তারাবির নামাজ ঘরে বসেই পড়ার জন্য আলহাজ্ব খাজা শাহ্ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইন রোজাদারদেরকে অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, কুনিয়া, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, আউলিয়াপুর, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার চারটি উপজেলার অন্তত ৫০ গ্রামের অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার প্রথম রোজা রাখছেন। 

উল্লেখ্য, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর অনুসারীরা প্রায় দেড় শত বৎসর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ-উল-ফিতর ও ঈদ উল আযহা পালন করে আসছেন।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকারিকাপুর ১৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও তাল্লুক গ্রামের সুরেশ্বর পীরের মুরিদ মোত্তাকিন আহমেদ সোহেল ফকির বলেন, ইসলাম ধর্মের সবকিছুই মক্কা শরীফ কেন্দ্রীয় হয়ে বাংলাদেশে এসেছে। তাছাড়া মক্কা শরীফ থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র ৩ ঘন্টা। তাই সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে আমরা রোজা রাখি ও ঈদ উদযাপন করি। সে হিসেবে শুক্রবার আমাদের প্রথম রোজা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত