নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নের বালিচান্দা গ্রামের এক দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে ধান কাটা শুরু করে উপজেলা ছাত্রলীগ ও ওই ইউনিয়ন ছাত্রলীগের ১৫ জন কর্মী মিলে। মাথায় গামছা বেঁধে, হাতে কাঁচি নিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ কর্মীরা। ব্যতিক্রমী এ উদ্যোগের পিছনে সহযোগিতা করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম তালুকদার। মাঠে থেকে সার্বিক দিক নির্দেশনা দেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম আল আজাদ।
কৃষক শাহজাহান জানান, শ্রমিক সংকট চলছে। আমি গরীব মানুষ। অল্প জায়গায় বোরো ফসল করেছি। বিয়ার আটাশ ধান অল্প বাতাসেই পড়ে যায়। এমন ভীতিতে শঙ্কায় ভূগছিলাম। আমার এ কষ্টের বিষয়টি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের চোখে পড়ে। তিনি আমাকে বলেন, আপনার ধান ছাত্রলীগ কেটে দিবে। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম।
স্বেচ্ছায় ধান কাটতে আসা উপজেলা ছাত্রলীগ সদস্য সুমন মিয়া বলেন, কলেজ পড়ুয়া ছাত্রদের নিয়ে কৃষকের পাকা ধান কেটে দিয়েছি। শ্রমিক সংকটের কারণে পাকা ধান নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছিলেন তিনি। আমরা তাদের পাশে থেকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরণের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের।
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান বলেন, এ উপজেলায় সতের হাজার চারশত সতের হেক্টর জমিতে বোরো ফসল আবাদ করা হয়েছে। তবে নিচু এলাকায় আংশিক ধান পেকেছে। শুনেছি ছাত্রলীগের একটি টিম এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।
