চট্টগ্রামের কর্ণফুলীতে ঝাড়ফুঁকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাওলানা শায়ের মোহাম্মদ সাগর নামের এক কবিরাজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার উপজেলার ইছানগর ও চরলক্ষ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের মোহাম্মদ মিয়ার ছেলে মো. মহিউদ্দিন (২২), তার ভাই মোহাম্মদ রাব্বী (২১), একই এলাকার জলিল আহমদের ছেলে মোহাম্মদ কাইয়ুম (২০), চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মোহাম্মদ ইরফান (১৯), একই এলাকার মোহাম্মদ ইয়াছিনের ছেলে নাইমুল হক সাকিব (১৯) ও হাবিলাসদ্বীপের আবদুল বাতেনের ছেলে আবদুল করিম রিফাত (১৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, হত্যাকান্ডের মূল হোতাসহ জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে । তারা সকলে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাদের স্বীকারোক্তিমতে হত্যায় ব্যবহৃত তিনটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে মাস্ক পরা চারজন লোক সাগরের ঘরে এসে ঝাড়ফুঁকের কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। পরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় তাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
