খুমেকে করোনা উপসর্গ নিয়ে ১৬ মাসের শিশুর মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১২:৫৫ পিএম

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার শিশুটি পাতলা পায়খানা নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (মেডিসিন) ও করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, শুক্রবার করোনা উপসর্গ অবস্থায় ফাতেমা নামের ১৬ মাস বয়সী শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত