মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অর্থ সচিব এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান মারা গেছেন। গতকাল শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, রাজধানীতে জানাজা শেষে তার লাশ গোপালপুরের হেমনগর ইউনিয়নের নারচী গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন (ভূঞাপুর-গোপালপুর) থেকে পরপর সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালের জুন মাসের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ অনেকেই।
