করোনার আক্রমণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। বিস্ময়ে ও আতঙ্কে থমকে গেছে এই পৃথিবী। প্রেম, প্রীতিহীন হয়ে, অসহায়, মানবেতর জীবন যাপন করছে মানবজাতি। পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। এসব কিছু নিয়েই এবার একটি কবিতা লিখেছেন লেখক, সংগীত শিল্পী ও কবি লুৎফর হাসান। কবিতার নাম ‘এসো হে মানুষ’। কবিতায় লুৎফর হাসান বলেছেন করোনায় দুর্দশা পীড়িত মানুষের সামগ্রিক কথা।
কবিতাটি আবৃত্তি করেছেন ক্লোজআপ তারকা পুতুল, সংগীত শিল্পী শাওন গানওয়ালা, আর.জে ত্রয়ী এবং লুৎফর হাসান। পুরো কবিতা জুড়ে সংগীতের আবহ দিয়েছেন ও কণ্ঠ ধারণ সমন্বয় করেছেন আমজাদ হোসেন। ভিডিও আকারে কবিতাটি গত ২৫ এপ্রিল, শনিবার ফেসবুক পেজে প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার
কবিতাটি নিয়ে লুৎফর হাসান বলেন, ধ্রুব দাদা আমাকে বললেন বিশ্বের এই দুর্দশা পীড়িত মানুষের কথা কবিতায় নিয়ে আসতে। আমি কয়েক দিন সময় নিয়ে পুরোটা লিখলাম। যতটুকু সম্ভব সামগ্রিক অবস্থা একটা কবিতায় নিয়ে আসার চেষ্টা করেছি। এ ধরনের কবিতা এটাই প্রথম। ভবিষ্যতে নানান বিষয় কবিতায় নিয়ে আসার চেষ্টা করব।
করোনার এই মহামারি মোকাবিলায় মানবিক হতে হবে সবাইকে। কবি তার পঙক্তিমালার এক ভাগে বলেছেন, ‘প্রথমে মানুষ এবং তাহার মনুষ্যত্ব আগে/তারপর তুমি রাখো বাকি সব, তোমার জীবন ভাগে।’ কবিতার শেষাংশে রয়েছে মানুষকে ভালোবাসার কথা, মানুষকে ভালোবাসলেই বাজবে বিজয়ের জয় গান।
