সাভারে বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ ও ভাংচুর

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৫:৩৮ পিএম

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েকটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা দাবি আদায়ে কারখানার ভিতরে ব্যাপক ভাংচুরও চালিয়েছে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সড়িয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

শিল্প পুলিশ ও ভুক্তভোগী শ্রমিকরা জানায়, রবিবার সকালে বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত স্ক্যাল ফ্যাশন লিমিটেড এর তিন শতাধিক শ্রমিক কারখানার ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে দুপুরের দিকে মালিকপক্ষের সাথে আলোচনা করে আগামী তিন মে বেতন পরিশোধের তারিখ নির্ধারন করায় শ্রমিকরা বাড়ি চলে যায়।

এছাড়া বকেয়া বেতনের দাবিতে সাভারের জয়নাবাড়ি এলাকার জেইসা ফ্যাশন, সামাইর এলাকার সততা এ্যাম্ব্রয়ডারি এন্ড প্রিন্ট লিমিটেড ও  দোসাইদ এলাকার রক ফ্যাশন কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। 

এদিকে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও চাকুরীতে বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো কারখানার ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে 'সিগমা ফ্যাশন লিমিটেড' কারখানার তিন শতাধিক শ্রমিক। শ্রমিকরা জানান, করোনার কারণে পহেলা এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত কারাখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। কারখানা বন্ধ থাকাকালীন কর্তৃপক্ষ আট শতাধিক শ্রমিককে ছাঁটাই করেছে। শনিবার সকালে হঠাৎ করে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি উল্লেখ করে কারখানার দেয়ালে নোটিশ ঝোলানো হয়। এ ঘটনায় সকল শ্রমিক একত্রিত হয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করছে।

কারখানাটির নারী শ্রমিক আম্বিয়া খাতুন বলেন, করোনা দুর্যোগের সময়ে আমরা বাড়ি না গিয়ে চাকুরীর জন্য শিল্প এলাকায় থেকে যাই। তারপরও একযোগে এতো শ্রমিককে ছাঁটাই করা হলো। এখন আমরা চাকরী কোথায় পাবো?  কি করে খাবো? 

শ্রমিকদের দাবির বিষয়ে জানতে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে সাভারের আকতার ফার্ণিচার্স লিমিটেড কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ফার্ণিচার কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করে। রবিবার মার্চ মাসের বেতন পরিশোধের কথা থাকলেও না পাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে কারখানাটিতে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়িয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

শিল্প পুলিশ- ১ এর সিনিয়র এএসপি জানে আলম বলেন, রবিবার সকাল থেকে ডিইপিজেডসহ শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার দুই শতাধিক কারখানা খুলে দিয়েছে মালিকপক্ষ। এসব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্নভাবে কাজ করলেও কয়েকটি কারখানায় বকেয়া বেতন এবং ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।

তবে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত