করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি মোকাবিলায় গৃহীত পদক্ষেপের জন্য প্রশংসিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে এই অভিনন্দন জানান। উল্লেখ্য, অর্থ-বাণিজ্য বিষয়ক মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ এ প্রকাশিত নিবন্ধে করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করা হয়।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন সততা-নিষ্ঠা দক্ষতা-কর্মকৌশল ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মোদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। করোনা মোকাবিলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে ভুল করেননি তিনি। তার এই দ্রুত সিদ্ধান্তে অতিমাত্রায় সংক্রমিত ভাইরাস করোনার ব্যাপক বিস্তার রোধ করা সম্ভব হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো প্রশংসনীয় বলে উল্লেখ করেছে।
ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত আন্তর্জাতিক এই স্বীকৃতিতে দেশবাসী ও আওয়ামী লীগ গর্বিত।
তিনি আরও বলেন, প্রাণঘাতী মহামারি করোনা প্রতিরোধে শেখ হাসিনা গৃহীত পদক্ষেপের আন্তর্জাতিক এই স্বীকৃতি সংকট মোকাবিলায় দেশবাসীকে অনুপ্রেরণা জোগাবে এবং সকলের প্রত্যয়দীপ্ত সম্মিলিত প্রয়াসকে বেগবান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সক্ষম হব ইনশা আল্লাহ।
সূত্র: বাসস।
