কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন এমপি দিলিপ

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৮:২১ পিএম

নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা.আনোয়ারু আশরাফ খান দিলিপ কৃষকের ধান কেটে দিয়েছেন। সোমবার দুপুরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে এমপি দিলিপ প্রায় ৫০ জন নেতাকর্মী সঙ্গে নিয়ে কৃষক সিরাজুল হকের দেড় বিঘা ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন। এতে করে কৃষক সিরাজুল হকে মুখে হাসি ফুটেছে।

এমপির সঙ্গে ধান কাটায় অংশ নেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদু, নরসিংদী জেলা আওয়ামী লীগের  কার্যকরী সদস্য মাহফুজুল হন টিপুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে লকডাউন নরসিংদী। বোরো মৌসুম শুরু হওয়ায় শ্রমিক সংকটে দিশেহারা কৃষক। এক স্থান থেকে অন্যস্থানে শ্রমিকরা যেতে না পারায় পাকা ধান ঘরে তোলা নিয়ে চিন্তিত তারা।

কৃষক সিরাজুল হক বলেন, করোনা মহামারিতে হাতে টাকা ছিল না, আবার শ্রমিক ও খুঁজে পাচ্ছিলাম না। এমন মুহূর্তে পলাশের এমপি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। আমার দেড় বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন। এমপি নিজে এসে আমার ধান কেটে দেবেন এটা কখনো ভাবিনি। আমার খুব আনন্দ লাগছে। 

ধান কাটার বিষয়ে জানতে চাইলে এমপি ডা. আনোয়ারু আশরাফ খান দিলিপ বলেন, করোনাভাইরাসের মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আমরা যেন কৃষকের পাশে দাঁড়াই। সঠিক সময়ে কৃষক ঘরে ধান তুলতে না পারলে খাদ্য সংকট দেখা দিতে পারে। এই মুহূর্তে কোনো শ্রমিক নেই যে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেবে। তাই আমিসহ আমার আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটা শুরু করেছি। ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের পলাশের প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান থেকে শুরু করে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকে নির্দেশনা প্রদান করা হয়েছে, তারা যেন সব কৃষকের ধান কাটায় সহযোগিতা করে। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে ধান কাটা শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত