জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর রাজারবাগে নিজ বাসায় থাকাবস্থায় এ ভাইরাসে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী।
মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসের কোনো উপসর্গ তার শরীরে দেখা দেয়নি বলেও জানান ওই শিক্ষার্থী।
এর আগে গত ২২ এপ্রিল আক্রান্ত শিক্ষার্থীর পুলিশ সদস্য বাবা করোনায় আক্রান্ত হন। পরে ২৫ এপ্রিল তাদের পরিবারের সবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ওই শিক্ষার্থী ও তার মায়ের করোনাভাইরাস পজিটিভ এসেছে। ‘জটিল’ উপসর্গ না থাকায় নিজ বাসাতেই আইসালেশনে আছেন ওই শিক্ষার্থী ও তার মা। তার বাবা রাজধানীর পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আক্রান্ত শিক্ষার্থী বলেন, বাবার করোনা শনাক্তের পর ২৫ এপ্রিল আমাদের পরিবারের সবার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। পরে আইইডিসিআর থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে আমার ও আমার মায়ের করোনার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে আমি ও মা আইসোলেশনে আছি। আমরা সুস্থ আছি। এখন পর্যন্ত আমার কোনো উপসর্গ দেখা দেয়নি। আমার ছোট দুই বোনেরও পরীক্ষা করা হয়েছিল। এতে ওদের ফল নেগেটিভ এসেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমাদের এক শিক্ষার্থীর করোনাভাইরাসে আক্রান্তের কথা শুনেছি। তার বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় থেকে তার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা করবো।
