কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের একজন কর্মচারী করোনা পজিটিভ হওয়ায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশিস দাশ ও তার গাড়ি চালককে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
চান্দিনায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন উপজেলা পরিষদের একজন কর্মচারীসহ দুজন। এ নিয়ে চান্দিনায় মোট নয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
শনিবার দুপুরে আইইডিসিআর থেকে ওই দুজনের করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চান্দিনা উপজেলা পরিষদের একজন কর্মচারী করোনা পজিটিভ হওয়ায় গত কয়েক দিন ধরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে উপজেলায় যাতায়াতকারীরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
ইউএনও স্নেহাশিস দাশ জানান, ওই কর্মচারী উপজেলা চত্বরের ডরমিটরিতে থাকেন। ফলে আটজন কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারসহ ওই ডরমিটরি লকডাউন করা হয়েছে।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত ওই কর্মচারী আমার অফিসে সার্বক্ষণিক কাজ করতেন। তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আমি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে আছি।
