করোনাভাইরাস মহামারীর মধ্যেও ক্রিকেট দেশগুলোর মধ্যে খেলা ফেরানো নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী শ্রীলঙ্কা। দেশটির করোনা-পরিস্থিতিই বলে দিচ্ছে সব। অন্য অনেক দেশেই করোনা মহামারী আকার ধারণ করেছে সেখানে ভারত মহাসাগরীয় দ্বীপদেশটির অবস্থা ভিন্ন। শ্রীলঙ্কায় এখন পর্যন্ত মাত্র ৬৯০ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। আর মারা গেছেন মাত্র ৭ জন। পরিস্থিতিও অনেকটাই উন্নতির পথে। আর তাই জুনের মধ্যে দেশে ক্রিকেট ফেরানোর ব্যাপারে আশাবাদী লঙ্কান ক্রিকেট বোর্ড। জুন থেকে আগস্টে ভারত ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী তারা।
করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে শ্রীলঙ্কার ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ বাতিল হয়েছে। তবে জুনের পর সব স্বাভাবিক হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের। ইংরেজি দৈনিক ডেইলি নিউজের সঙ্গে আলাপে এই সিরিজ নিয়ে ভরসা দিলেন ডি সিলভা, ‘সামনে আমাদের দুটি সিরিজ আছে যা নির্ধারিত সময়ে হওয়ার কথা। জুন-জুলাইয়ে ভারত আর জুলাই-আগস্টে বাংলাদেশ খেলতে আসবে এখানে।’ কদিন আগে এই সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন ‘আরও সপ্তাহ দুয়েকের মধ্যে এই দুই সিরিজ নিয়ে চূড়ান্ত কিছু বলা যাবে।’
করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলেই শ্রীলঙ্কায় খেলা শুরু করা কতটা সম্ভব তা বলা কঠিন। সফরকারী দলগুলোর খেলোয়াড়-স্টাফ, টিভি ক্রু ও অন্যদের বিশাল বহরকে সামলে সিরিজ আয়োজন করা সরকারি সিদ্ধান্তেরও ব্যাপার। তবুও নির্ধারিত সূচি অনুযায়ী জুলাইয়ে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি ও এসএলসি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সফর আয়োজন নিয়ে এসএলসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা। তবে দু’দেশের সরকারের নির্দেশনা মেনেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।’
এপ্রিলের ২ তারিখ তৃতীয় দফার পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। খেলার কথা ছিল একটি টেস্ট ও একটি ওয়ানডে। চলতি মে মাসে আয়ারল্যান্ড সফরের সূচি ছিল টাইগারদের। কিন্তু করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করায় গেল মার্চে সিরিজ দুটি স্থগিত করার ঘোষণা দেয় বিসিবি। এরপর জুনে ঘরের মাটিতে হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও স্থগিত হয়েছে। শঙ্কা আছে আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও।
