মাদকাসক্ত বাবাকে প্রশাসনের হাতে তুলে দিল সন্তান

আপডেট : ০৩ মে ২০২০, ০৫:১৭ পিএম

দিনাজপুরে মাদকাসক্ত বাবাকে জেলা প্রশাসকের (ডিসি) হাতে তুলে দিয়েছেন তার ছেলে ও স্ত্রী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্ত ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার দুপুর ৩টায় দিনাজপুর শহরের মহারাজার মোড় কুমারপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মাদকাসক্ত বাবা হলেন ওই এলাকার মৃত সুখদেব রায়ের ছেলে বৈদ্যনাথ পাল (৫২)। তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি।

ছেলে দীপক পাল জানান, ‘আমার বাবা প্রতিদিন মাদক সেবন করে আসে আমাদের সবার ওপর অমানুষিক নির্যাতন করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা অনেক চেষ্টার পরও বাবাকে ভালো করতে পারিনি। রবিবার বাধ্য হয়েই দিনাজপুর ডিসি স্যারকে ফোন করে আমার বাবার বিষয়ে বিস্তারিত বলি। তিনি বিকেলে এসে আমার বাবাকে মাদকাসক্ত অবস্থায় পেয়ে ছয় মাসের জেল দেন। আমাদের কষ্ট হলেও আমার বাবা যেন ভালো হয় এ জন্যই আমরা এই কাজ করেছি।’

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম জানান, মাদকাসক্ত বৈদ্যনাথ পালের ছেলে দীপক পাল বাধ্য হয়ে আমাকে ফোন দিয়ে জানায় যে, তার বাবা দিনে দুই থেকে তিনবার মাদক সেবন করে। পরিবারের পক্ষ থেকে অনেকবার মাদক সেবনে বাধা দেওয়া হলেও তিনি কথা শোনেননি। মাদক সেবন করে এসে স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করতেন।

জেলা প্রশাসক আরও জানান, বৈদ্যনাথ পাল ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে। যে আয় হয় তার সম্পূর্ণ টাকা মাদক সেবন করে। রোববার দুপুর ৩টায় তার ছেলে দীপক পাল আমাকে ফোন করে তার বাবাকে জেলে দেওয়ার জন্য অনুরোধ করেন। পরে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরে কৃষ্ণ অধিকারী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠান হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত