সালমান খানের সঙ্গে একটি মাত্র সিনেমা করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বক্স অফিসে ঝড় তোলা ‘কিক’ নায়িকার ক্যারিয়ারকে এগিয়ে দিয়েছিল। হালে সালমানের কারণেই আবার চর্চা হচ্ছে জ্যাকুলিনকে নিয়ে।
আনন্দবাজার পত্রিকা জানায়, কখনো লুকিয়ে লুকিয়ে সালমানের ওয়র্কআউটের ছবি তুলছেন। কখনো আবার ম্যাগাজিনের কভার ফটোশুটের জন্য, সাল্লুর প্রিয় ঘোড়াকেই বেছে নিচ্ছেন। সেই ছবি ফলাও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করছেন জ্যাকুলিন।
লকডাউন পিরিয়ডে সালমানের পানভেলের ফার্ম হাউসে রয়েছেন এই সুন্দরী। তার এমন হেন সালমানপ্রীতি দেখে এখন চাপা গুঞ্জন বলিউডে।
একই ফার্মহাউসে ভাইজানের পরিবার এবং বান্ধবী ইউলিয়া ভন্তুরও রয়েছেন। অনলাইনে অনেকে মজা করে বলতে শুরু করেছেন, জ্যাকুলিন কি তবে ‘কাবাব মে হাড্ডি’?
শোনা যাচ্ছে, জ্যাকুলিন নাকি মিউজিক ভিডিও ‘গেন্দা ফুল’-এর ব্যাপারে আলোচনা করতেই সালমানের কাছে এসেছিলেন। লকডাউনের জেরে আটকে যান। তাই এখানে থেকেই ম্যাগাজিনের জন্য ফটোশুট থেকে সালমানের সঙ্গে খুনসুটি— সবই করছেন।
সম্প্রতি সালমানের ঘোড়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন জ্যাকুলিন, যা একটি ম্যাগাজিনের কভার ফটোও। সেখানে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘‘করোনাকে ঘিরে মানুষের যন্ত্রণাটা বুঝি। তবে আমি একটি ফার্মহাউসে সুরক্ষিত রয়েছি।’’
