মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় ১১টি বানরকে খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের এই বানরগুলো শত বছর ধরে চরমুগুরিয়া বন্দরের মানুষের পাশাপাশি বসবাস করে আসছে।
মঙ্গলবার বিকেলে কয়েকজন লোক বানরকে খাবার দেয়। ওই খাবার খেয়েই বানরগুলো মারা যায়।
মৃত বানরগুলোকে স্থানীয়রা মাটি চাপা দিয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্থানীয় একটি বেকারী কারখানার মালিক বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরে ফেলেছে।
তারা আরও জানান, খাদ্য সংকটের কারণে বানরগুলো বাসাবাড়িতে বিভিন্ন সময় হানা দিত। তবে এ কারণে কেউ কখনো বানর মারেনি।
মুক্তিযুদ্ধের আগে থেকেই মানুষের সঙ্গে এখানে বানরের বসবাস। দূরদুরান্ত থেকে মানুষ এখানে বানর দেখতে আসতো। এদের বিচারণ ছিল চরমুগরিয়ার এলাকাজুড়ে।
জেলা বন বিভাগের তথ্য মতে, চরমুগরিয়ায় এখনো আড়াই হাজারের মতো বানর আছে।
এ বিষয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এসএম জহির আকন বলেন, মাদারীপুরের চর মুগরিয়া কলেজ রোডে বিষ প্রয়োগে বানর হত্যার খবর পেয়ে বন সংরক্ষক যশোর, ডিএফও ফরিদপুর এবং সংশ্লিষ্ট রেঞ্জ ও বিট কর্মকর্তার সঙ্গে বিষয়টি আলোচনা করি।
তিনি জানান, ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে একটি টিম সরেজমিনে তদন্ত করেছেন। মাদারীপুর জেলা প্রশাসন এ বিষয়টি নজরদারি করছে।
