কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। তাদের মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।
শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, রাতে ইয়াবা পাচারের খবরে টেকনাফ থানা পুলিশের একটি টিম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় পৌঁছলে রোহিঙ্গা মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
তার ভাষ্য, পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। তাদেরকে আহত অবস্থায় প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়া মাহমুদ জানান, ভোররাতে পুলিশ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে নিয়ে আসে। এসময় তাদেরকে কক্সবাজার রেফার করা হয়। একই সঙ্গে পুলিশের দুই সদস্যকেও চিকিৎসা দেওয়া হয়।
ওসি প্রদীপ কুমার আরও জানান, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
