মাদারীপুরের কালকিনিতে অসহায় ও সমাজের নিন্ম আয়ের মানুষের বাড়িতে ত্রাণ ও ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘আলোর পথে রায়পুর’ নামের একটি বেসরকারি সামাজিক সংগঠন।
শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের তিন শতাধিক মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে নামের তালিকা করে এই কার্যক্রম বৃদ্ধি করা হবে বলেও জানান সংগঠনের সদস্যরা। বিনামূল্যে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ।
‘আলোর পথে রায়পুর’ সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব হোসেন জানান, করোনা পরিস্থিতিতে কাজে যেতে না পারা সমাজের নিন্ম আয়ের মানুষ ও হতদরিদ্রদের নামের তালিকা করে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাইসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এ ছাড়া সমাজের অসহায় মানুষদের ঈদের পোশাকও দেয়া হয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানান সংগঠনের নেতারা।
