তিন মাসের বকেয়া বেতন-ভাতা ও উৎসব বোনাস এবং আখচাষিদের পাওনা টাকা পরিশোধসহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারীরা কারখানা চত্বরে বিক্ষোভ-মানববন্ধন করেছেন।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় চিনিকলের শ্রমিক-কর্মচারীরা তাদের পাওনা বেতন-ভাতাসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি পালন করেন।
বক্তারা অভিযোগ করেন করোনা সংকটকালে কর্মহীন শ্রমিক-অসচ্ছলদের ত্রাণসামগ্রী প্রদান করা হলেও চিনিকলের দৈনিক হাজিরাভিত্তিক ৮০০ শ্রমিক এ পর্যন্ত সরকারের কোনো খাদ্য সহায়তা পাননি। তা ছাড়া ৩ মাস ধরে চিনিকলের ৭০০ শ্রমিক-কর্মচারী বেতন-ভাতা না পাওয়ায় তারা পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আর ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
