করোনাকালে দাবা নিয়ে সদস্য দেশগুলোর কর্মকা- যাতে থেমে না থাকে, তাই দাবার বিশ্ব সংস্থা ফিদে বিশেষ বরাদ্দের ঘোষণা করেছে। প্রতিটি সদস্য দেশকে তারা শর্তসাপেক্ষে ৫ হাজার ডলার (চার লাখ টাকার ওপরে) করে দেবে। এই বরাদ্দ পেতে সদস্য দেশগুলোকে আয়োজন করতে হবে অনলাইনভিত্তিক টুর্নামেন্ট ও ট্রেনিং কোর্স। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন শামীম জানিয়েছেন, বরাদ্দটি নিশ্চিত করতে শিগগিরই তারা তাদের পরিকল্পনা ফিদেকে জানাবেন।
এমনিতে ফিফার মতো ফিদে নির্দিষ্ট কোনো বরাদ্দ দেয় না সদস্য দেশগুলোকে। তবে সদস্যদের প্রয়োজন ও কর্মকা- বিবেচনায় এনে থোক বরাদ্দ দিয়ে থাকে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দাবা ফেডারেশন দু’বার ৫ হাজার ইউরো করে পেয়েছে ফিদের কাছ থেকে। এবারের অঙ্কটা হওয়ার কথা ছিল ১৫ হাজার ডলার। কিন্তু করোনার প্রাদুর্ভাবে কর্মকান্ড কমে যাওয়ায় বরাদ্দও ফিদে কমিয়ে দিয়েছে বলে জানান শামীম। ঈদের পরপর আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় স্কুল দাবা আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি। ‘সেটি যদি সম্ভব নাও হয়, তবে হয়তো আমরা সেটি অনলাইনে আয়োজন করব’ জানান তিনি। অনলাইনে দাবা আসর নতুন কোনো ভাবনা নয়। ঘরবন্দি অবস্থায় অনেক দাবাড়ুই এখন ব্যস্ত অনলাইনে বিভিন্ন টুর্নামেন্ট খেলা নিয়ে। বাংলাদেশও এখন ভাবছে অনলাইন ভিত্তিক টুর্নামেন্ট চালু করার। প্রত্যেক দাবাড়ুর সঙ্গে হয়তো ক্যামেরা বাধ্যতামূলক করার কথা ভাবছে ফেডারেশন।
