বৃহস্পতিবার থেকে সোনারগাঁয়ে দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ১৪ মে ২০২০, ১২:৪০ এএম

সোনারগাঁয়ে শপিংমল ও কাপড়ের মার্কেট খোলার মাত্র তিন দিনের মধ্যেই ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য বিধি। ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব না মানা ও মার্কেটগুলোতে জীবানু নাশকের সুব্যবস্থা না থাকার কারণে ভয়াবহ করোনা বিপর্যয়ের মধ্যে  পড়েছে সোনারগাঁবাসী।

এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে  সোনারগাঁয়ের মার্কেট মালিকদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করার বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে মার্কেট মালিক ও দোকানদাররা তাদের মার্কেটের সামনে জীবানুনাশক টানেল স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল। বৃহস্পতিবারের মধ্যে এ টানেল স্থাপন করা না হলে দোকান মালিকদের বিরুদ্ধে স্বাস্থ্য বিধি ভঙ্গের অপরাধে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।

বুধবার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মার্কেটগুলো পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

তিনি বলেন, সোনারগাঁয়ের কোন মার্কেটেই সরকারি নির্দেশনা অনুযায়ি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। সরকার নিয়ম মেনে মার্কেট খুলতে বলেছেন যারা নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

পরে তিনি চৌরাস্তা এলাকার যানজট নিরসনে এখানে চলাচলরত যানবাহনকে চৌরাস্তায় না গিয়ে বিজয় স্তম্ভের পাশে স্টপেজ করার জন্য নির্দেশ দেন। 

উল্লেখ্য, গত ১০ মে সরকারি নির্দেশনায় সোনারগাঁয়ে মার্কেট খুলে দেওয়ার পর থেকে কোন ধরনের স্বাস্থ্য বিধি না মেনে বিপুল সংখ্যক নারী ও শিশু মার্কেটগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে। ফলে করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে পড়তে যাচ্ছে সোনারগাঁবাসী। তাছাড়া চৌরাস্তার নিকটবর্তী বাড়ী মজলিস, বাড়ী চিনিশ, হাবিবপুর, মোগরাপাড়া, গোহাট্টা, কাবিলগঞ্জ, ষোলপাড়া গ্রামে বেশ কয়েকজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে চৌরাস্তা এলাকা করোনার জন্য সবচেয়ে বিপদ জনক জায়গা হয়ে উঠেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত