জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করেছে র্যাব।
ডিজিটাল আইনে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি নিজ বাড়ি থেকে ছাত্রদলের ভেলাবাড়ি ইউনিয়ন সভাপতি আমিনুর হক রিপনকে (২৮) রংপুর র্যাব ১৩ আটক করে। বুধবার বিকেলে রিপনকে আদিতমারী থানায় সোপর্দ করছে রংপুর র্যাব।
এর আগে বুধবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিপনকে র্যাব সদস্যরা তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন।
আদিতমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ি গ্রামের মনোয়ার হোসেনের পুত্র আমিনুল হক রিপন (২৮) বিভিন্ন সময়ে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে “ছাত্রদল ভেলাবাড়ী ইউনিয়ান শাখা” নামের ফেইসবুক আইডি ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানীমূলক তথ্য প্রচার, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আসছিল। তার কাছ থেকে রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন তথ্যাদি সংযুক্ত ফটোকপি ১০ পাতা, দুইটি মোবাইল ফোন, চারটি সীমকার্ড ও একটি মেমোরীকার্ড পাওয়া গেছে। ছাত্রদল নেতা রিপনের বিরুদ্ধে আদিতমারী থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রংপুর র্যাব-১৩ বিকেলে আসামীকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
