সিঙ্গাপুরে কর্মরত অভিবাসী শ্রমিকদের করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ নিয়েছে দেশটির কর্র্তৃপক্ষ। এর আওতায় বিভিন্ন ডরমিটরিতে বসবাসরত ৩ লাখ ২৩ হাজার কর্মীর সবার এ ভাইরাস পরীক্ষা করা হবে, সিঙ্গাপুরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
সিঙ্গাপুরে কয়েক লাখ অভিবাসী কর্মীর বাস। এদের অনেকেই নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত। গাদাগাদি করে একেকটি কক্ষেই থাকেন ১৬ জন করে অভিবাসী নির্মাণকর্মী।
দেশজুড়ে ডজনখানেক ডরমিটরিতে হাজার হাজার অভিবাসী শ্রমিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রতিদিনই পরীক্ষায় শত শত কর্মীর শরীরে এ ভাইরাস শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত ডরমিটরিগুলোতে বসবাসরত ৩২ হাজারেরও বেশি কর্মীর করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে, যা মোট সংখ্যার প্রায় ১০ শতাংশ। জাতীয় উন্নয়ন মন্ত্রী লরেন্স ওয়াং জানিয়েছেন, প্রতিদিন প্রায় তিন হাজার জনের করে এ পরীক্ষা সম্পন্ন করা হয়।
