চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় জেলার ৬১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রাম নগরীর ৫১ জন এবং উপজেলা পর্যায়ে ১০ জনসহ চট্টগ্রাম জেলায় মোট ৬১ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি’তে বৃহস্পতিবার ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয় জানিয়ে সিভিল সার্জন আরও বলেন, এর মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে চট্টগ্রাম জেলার ২৯ জন। বাকি ৪ জন ভিন্ন জেলার।
বিআইটিআইডি’তে শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে ২৬ জন নগরীর বাসিন্দা এবং রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও বাঁশখালী উপজেলার একজন করে আছেন।
সিভিল সার্জন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। যারা সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা।
এদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২৫ জন ও রাঙ্গুনিয়া উপজেলার একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চমেকের ল্যাবে শনাক্ত হওয়াদের মধ্যে চমেক হাসপাতালের ৩৬ বছর বয়সী একজন গাইনি বিভাগের নারী চিকিৎসকের নমুনায় করোনাভাইরাস পজিটিভ মিলেছে। এছাড়া ২৭ বছর বয়সী আরেক এক নারী চিকিৎসকের নমুনাতেও কভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
অপরদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।
এদের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার ৬ জন রয়েছে। বাকি ১১ জন চট্টগ্রাম বিভাগের ভিন্ন জেলার বাসিন্দা।
বৃহস্পতিবারে চট্টগ্রামে শনাক্ত হওয়া ৬১ জনসহ চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো মোট ৫৭৩ জনে।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।
