দিনাজপুরের হাকিমপুরের হিলিতে করোনার উপসর্গ নিয়ে (৪৮) অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিল লাশ, করোনার ভয়ে তার কাছে কেউ যায়নি।
শুক্রবার সকাল থেকে হিলি জয়পুরহাট সড়কের গোড়স্থান নামক সড়কের পাশে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
হাকিমপুর থানার এসআই বেলাল হোসেন বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ওই ব্যক্তি কান পরিষ্কার করার কাজ করতো ও মাদকসেবী ছিল। কিছুদিন থেকে সে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলতো, গোরস্থানের পাশে একটি দোকানের বারান্দায় রাত্রি যাপন করতো।
এসআই বলেন, ‘্ওই ব্যক্তি কিছুদিন ধরে শ্বাসকষ্টেও ভুগছিল। আজ সকালের কোনো এক সময়ে সে মারা যায়, তার নামপরিচয় পাওয়া যায়নি। করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে তা নিশ্চিতের জন্য স্যাম্পল কালেকশনের পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহের কোনো স্বজন না পাওয়া গেলে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।’
