‘আড়াই হাজার থেকে ৫০০ টাকা রেখে দিচ্ছে সরকারি লোকেরা’

আপডেট : ১৬ মে ২০২০, ০৪:৪৮ পিএম

নগদ আর্থিক সহায়তার আড়াই হাজার টাকা থেকে ৫০০ টাকা সরকারি লোকজন রেখে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে দেবেন। আড়াই হাজার টাকা থেকে সরকারের লোকেরা ৫০০ টাকা রেখে দিচ্ছে।

রিজভী বলেন, ‘এটা কি ভণ্ডামি নয়? গরীব মানুষের সঙ্গে প্রতারণা নয়? এ রকম পরিস্থিতিতে এদেশের গরীব, অসহায়, কর্মহীন মানুষদের দিনযাপন করতে হচ্ছে।’

শনিবার দুপুরে রাজধানীর জয়কালী মন্দির কাপ্তান বাজার এলাকায় বিএনপি নেতা হামিদুর রহমান হাবিবের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

বিএনপি মুখপাত্র বলেন, এই সরকার সংকট সমাধান করে না সংকট সৃষ্টি করে। সংকট সমাধান করলে ত্রাণ লুটপাট হতো না। করোনাভাইরাস মহামারী আকার ধারণ করতে পারত না।

তিনি বলেন, লকডাউন শিথিল করে সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে দিতে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। প্রতিদিন হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছে। আগে প্রতিরোধ করার ব্যবস্থা ছিল সরকার তা করেনি। সরকার করোনাভাইরাস মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে কোনো ব্যবস্থা নেই। ৯০ ভাগ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেই। মানুষ মরে যায় উনি দেখান ফ্লাইওভার। মানুষের চিকিৎসা নেই উনি দেখান ফ্লাইওভার।

তিনি বলেন, মানুষের লাশের ওপর দিয়ে উন্নয়ন করে। মানুষের জীবন নিয়ে জুয়া খেলেন। এটাকে দেখিয়ে বলেন উন্নয়ন হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত