প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশে মৃত্যুর হার কম বলে মন্তব্য করেছেন সাবেক গণপূর্তমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
শনিবার বেলা ১১টায় মিরসরাইয়ে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন অসহায়, থমকে গেছে। আমেরিকার মতো উন্নত একটি দেশ এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। যেখানে এই পর্যন্ত মারা গেছে প্রায় ৮৬ হাজার মানুষ, আর আমাদের দেশে মারা গেছে ২৯৮ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশে মৃত্যুর হার কম। তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছেন। অক্লান্ত পরিশ্রমের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, মিরসরাইয়ে সরকারি ত্রাণের পাশাপাশি আওয়ামী লীগ নেতারাও ব্যক্তিগত ভাবে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। পুলিশ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে। আমি ব্যক্তিগতভাবে দুই ধাপে ১২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। তৃতীয় ধাপেও দেয়ার চিন্তা ভাবনা রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন পৌর মেয়র, ইউনিয়নের চেয়ারম্যান, দলের সভাপতি, সম্পাদকের মাধ্যমে বাড়ি বাড়ি এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
