বগুড়ায় নতুন করে ১২ পুলিশসহ ১৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৬ মে ২০২০, ১০:৪৩ পিএম

বগুড়ায় ২৪ ঘন্টায় ১২ পুলিশ সদস্যসহ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বগুড়া জেলা পুলিশের ২১ জন সদস্য করোনায় আক্রান্ত হলেন। এছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স শাহানারা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ১৪ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ১৪টি পজেটিভ। ১৪ জনের মধ্যে ১২ জনই পুলিশ সদস্য। বাকি দুজনের মধ্যে একজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যোগদানকৃত নার্স। তিনি ঢাকা থেকে গত ৭ মে ফিরেছেন। অপরজন বগুড়া সদরের গোকুল এলাকার ট্রাক চালক। গত ১৩ মে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরেন। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত দাঁড়ালো ৭৫জন। তাদের মধ্যে ১১জন সুস্থ হয়েছেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, সুস্থ হয়ে বাড়ি ফেরা নার্স শাহানারা গত ৪ মে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় শনিবার তাকে ছাড়পত্র দেওয়া হয়। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শনিবারে শনাক্ত ১২ জনসহ জেলা পুলিশের ২১ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত সদস্যরা পুলিশ সুপারের কার্যালয়, গোয়েন্দা শাখা, আদালত এবং পুলিশ লাইন্সে কর্মরত। তাদের জেলা পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত