করোনা পরিস্থিতিতে চলচ্চিত্রকর্মী ও সাধারণ মানুষের পাশে একাধিকবার দাঁড়িয়েছেন অনন্ত জলিল। এবার ভক্তদের জাকাত ফান্ড থেকে ১০ লাখ টাকা দিচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়া পোস্টে সম্প্রতি এ ঘোষণা দিলেন আলোচিত নায়ক ও ব্যবসায়ী।
তিনি বলেন, অনেকেই আমাকে বলেছে তারা খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে কাজ নেই। অনেকেই ঢাকার বাইরে থেকে আসতে পারছেন না, আমাকে জানিয়েছেন। কাউকে বলতেও পারছেন না। আমি ইতোমধ্যে অনেককেই মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে টাকা পাঠিয়েছি। কাউকে বাজার করে দিয়েছি।
অনন্ত জানান, ১০ লাখ টাকা দেওয়া হবে ২৬ রোজাতে। যা পাবেন ৫০০ জন ভক্ত।
বিস্তারিত জানতে ফেইসবুক পেইজ এবং বর্ষার ফ্যান গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভক্তদের অনুরোধ করেন অনন্ত জলিল।
অনন্তের এমন ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় ইতি-নেতি দুই ধরনেরই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
৬ বছর আগে অনন্তকে শেষবার চলচ্চিত্রে দেখা গেছে। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’র টিজার। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে তার সঙ্গে আছেন স্ত্রী বর্ষা। ইরান, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে সিনেমাটির দৃশ্যায়ন হয়েছে। চলতি বছরই মুক্তির কথা রয়েছে।
