ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা : তাজুল

আপডেট : ১৯ মে ২০২০, ০২:০৭ এএম

সরকারি-বেসরকারি যেকোনো ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘এডিস মশা নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হচ্ছে। গণমাধ্যমে বিভিন্ন রকম প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারপরও যারা এ বিষয়ে সচেতন হবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

মন্ত্রী বলেন, ৯৫ শতাংশ এডিস মশার জন্ম বাসাবাড়ি বা অফিসে। এডিস মশা নির্মূলে ব্যবস্থা নিতে ও নিয়ম মানতে জনগণকে বাধ্য করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে এডিস মশার জন্ম হয়। এজন্য সরকারি প্রতিষ্ঠানের কাকে জরিমানা করা হবে এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। মন্ত্রী তাজুল বলেন, দায়িত্বশীল কর্মকর্তাদের জরিমানা করা হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত