সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাভার ফায়ার সার্ভিসের চারজন কর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী, শিল্প পুলিশের দুই সদস্য, এক কনস্টেবল ও বেসরকারি হাসপাতালের দুই কর্মীসহ কয়েকজন পোশাক শ্রমিক রয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা এ তথ্য জানান।
সায়েমুল হুদা জানান, এ পর্যন্ত এক হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ২০৯ জনের পজিটিভ এসেছে। এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ৭০ জন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত মারা গেছে চারজন। তিনি আরও জানান, গত সোমবার ৬২ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে মঙ্গলবার ১৮ জনের করোনা পজিটিভ এসেছে।
