সুবীর নন্দীর শেষ অ্যালবাম থেকে প্রথম গান

আপডেট : ২০ মে ২০২০, ০৪:১৮ পিএম

সুবীর নন্দী প্রয়াত হয়েছেন এক বছর হলো। প্রয়াণের আগে একটি পূর্ণাঙ্গ অ্যালবামের কাজ শেষ করে যান এই সংগীতশিল্পী। ঈদুল ফিতর উপলক্ষে সেই অ্যালবামের প্রথম গান প্রকাশ হলো।

তানভীর তারেকের সুর-সংগীতে অ্যালবামটি ৯টি গানে সাজানো হয়েছে। প্রকাশিত গানটির টাইটেল ‘দূরের মানুষ’।

ওপার থেকে ঐ/ সাগরের রূপ সেতো চেনা দায়/ দূর থেকে দেখে দেখে/ চিনতে পারিনি তোমায়— এমন কথার গানটি লিখেছেন কবির বকুল।

সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, “সুবীর দা’কে নিয়ে আমার অগণিত স্মৃতি। তার বেশিরভাগ মধুর সব স্মৃতি এই অ্যালবামটি করার সময়। গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে। কী এক স্বর্ণকণ্ঠকে আমরা হারিয়ে ফেলেছি।

কবির বকুল ভাইয়ের অসাধারণ একটি লিরিকে এই ‘দূরের মানুষ’ গানটির সুর করি আমি সুবীর দা’র সামনেই। এক বসায় সুর করা। আমরা টানা প্রায় কয়েক মাস এই অ্যালবামের জন্য বসতাম। প্রত্যেকটা ভয়েস দেবার সময় দাদা বারবার জিজ্ঞেস করতেন, ‘তুমি কীভাবে চাইছ।’

আমি অবাক হয়ে বলতাম, দাদা আপনি ইম্প্রুভাইজ করেন। দাদা একগাল হেসে বলতেন, ‘তানভীর আমি আমার গানে বৈচিত্র আনার জন্যই তোমার সুরে গাইতে চেয়েছি। আমি চাই না আমার আগের কোনো গানের ধারার সাথে কোনো মিল থাকুক।’ আমি ভীষণ সৌভাগ্যবান যে, সুবীর দা আমার সবার সামনে আমার কম্পোজিশনের ভীষণ প্রশংসা করতেন।”

কবির বকুল বলেন, “গানটি অসাধারণ সুর করেছে তানভীর। আর দাদার কথা কী আর বলবো! এই গানটি লিখে তানভীর তারেককে কবে দিয়েছিলাম মনে নেই। শ্রদ্ধাভাজন শিল্পী সুবীর নন্দীর কন্ঠে গানটি হৃদয়ে বেদনার আর্তি তৈরি করবে জানা হতো না, যদি গানটি আজ এভাবে রিলিজ না হতো। প্রিয় শিল্পীকে খুব মিস করছি।”

দেখুন সেই গানটি …

×
সর্বশেষ সর্বাধিক পঠিত