দেশে একদিনে ২২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৭৭৩

আপডেট : ২১ মে ২০২০, ০২:৩৫ পিএম

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। একদিনের হিসেবে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ১,৭৭৩ জনের শরীরে।

সতেরোশো ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০৮ জন। আর চব্বিশ ঘণ্টায় আরও ৩৯৫ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন।

এর আগে দেশে একদিনে আক্রান্তের রেকর্ড ছিল ১,৬১৭ জন, ২০ মে; মৃত্যুর রেকর্ড ছিল ২১ জন, ১৮ মে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে সবশেষ হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করা ২২ জনে পুরুষ ১৯ জন, নারী তিনজন। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, ঢাকা শহরের আটজন।

এছাড়া চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেট বিভাগের তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন; বাড়িতে মৃত্যু হয়েছে পাঁচজনের এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

বয়সের দিক থেকে ৫১-৬০ বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন সর্বাধিক ১০ জন। অন্যদের মধ্যে ১১-২০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের; ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে দুজন, ৬১-৭০ বছরের মধ্যে তিনজন, ৭১-৮০ বছরের মধ্যে দুজন এবং ৮১-৯০ বছরের মধ্যে দুজন।

বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় ৪৭টি ল্যাব থেকে কভিড-১৯ এর ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে; আগের দিনের নমুনা নিয়ে মোট পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৬২টি নমুনা।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ১৫৪ জনকে; ছাড় পেয়েছেন ৭৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৮৯৭ জন।

একদিনে কোয়ারেন্টাইনে আনা হয়েছে ৪ হাজার ৩২ জনকে; ছাড় পেয়েছেন ২ হাজার ৫৯১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৪ হাজার ৩৮২ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত