তুমি জানো কখন আমার তোমার কথায় কষ্ট লাগে, তুমি জানো কোন কথাটায় বুকের ভেতর ঝড় জাগে। কোন কথাটা কোথায় গিয়ে ধাক্কা লাগে— ঈদুলে ফিতরের দিনে রটে গেল এমন ধাক্কার খবর।
এটি জনপ্রিয় গায়ক লুৎফর হাসানের নতুন গানের খবর। আর শিরোনাম ‘তোমার কথায় ধাক্কা লাগে’।
শুরুতে উল্লেখ করা চমৎকার কথাগুলো এই গায়কেরই। সুরও তার। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে নির্দেশনাসহ অনেক কিছু একা হাতে সামলেছেন আল মাসুদ। গানটির ব্যানার ধ্রুব মিউজিক স্টেশন।
করোনাজনিত লকডাউনে এবারের ঈদে সংগীত অঙ্গনে স্থবির বিরাজ করছে। নামি প্রতিষ্ঠানগুলো অল্প কিছু সিঙ্গেল প্রকাশের মাধ্যমে নিজেদের হাজির রেখেছেন এই উৎসবে। তুলনামূলক কম ভিড়ের মাঝে লুৎফরের গানটি শ্রোতাদের পছন্দ হয়েছে।
এ দিকে নিজের গান নিয়ে ভীষণ অকপট লুৎফর হাসান। কয়েকদিন আগে ফেইসবুকে লেখেন, “মাত্রই ‘তোমার কথায় ধাক্কা লাগে’ গানের মাস্টার পাঠালেন আমজাদ ভাই। শুনলাম কয়েকবার। শুনে যেটা বুঝলাম, এই গান সুর করার আগে কয়েকদিন টানা জেমস ভাইর গান শুনেছি। সেই প্রভাব পড়েছে৷ মানে জেমস ভাইর গানের নিয়মিত যে কালার আমরা দেখে এসেছি, সেই সুরটা ‘ঘুড়ি’র লুৎফরের সাথে মিশে গিয়ে একটা ককটেল হয়ে গেছে। সাথে জামানের গিটার পড়েছে৷ মানে গানটা আসলে ভালোই লাগছে। ভালোই। মানে ভালো গান হয়েছে। গানের দ্বিতীয় অন্তরার ভাষার ব্যাঞ্জনায় যোগ হয়েছে কবিতা। মানে গানে-কাব্য হেসেছে দারুণ নিয়মে।”
কেন এ কথা, জানতে শুনতে পারেন ‘তোমার কাথায় ধাক্কা লাগে’।
