নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন মারা গেছে। গত বুধবার সকালে নাসিক ৩নং ওয়ার্ডের উত্তর রসুলবাগ এলাকার জাহাঙ্গীরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলো মোসা. রুবিনা (২৫), হাসান শেখ (৩) ও সুমাইয়া (১৩)।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঝড়ের সময় বিকট শব্দে ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুতের তার ছিঁড়ে সিদ্ধিরগঞ্জের উত্তর রসুলবাগ এলাকার জাহাঙ্গীরের বাড়ির দ্বিতীয় তলার টিনশেড ঘরের চালে পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপরদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমাইয়া (১৩)। সুমাইয়ার বোনজামাই জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। সুমাইয়া ঈদের দিন বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। নিহত সুমাইয়াকে তার গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়া হবে বলে জানান জাকির। এদিকে এলাকাবাসী বুধবারের এ ঘটনায় তিনজনের মৃত্যুর জন্য ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের কর্মকর্তাদের দায়ী করেছেন।
