কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’-এর। কিন্তু কোরবানির ঈদে মুক্তি পাবে না সিনেমাটি। কারণ হিসেবে পরিচালক করোনাকে দায়ী করলেন।
দীপঙ্কর দীপন জানান, ‘লকডাউনের কারণে সিনেমার সব কাজ শেষ করতে পারিনি। এখনো তিন দিনের শুটিং বাকি। অপরদিকে পোস্ট প্রোডাকশনের কাজও করতে হবে। পোস্ট প্রোডাকশনের কাজ ভারতে করব। কিন্তু এখন তো যাওয়া সম্ভব নয়। ফলে সব কাজ শেষ না করে মুক্তি তো দেওয়া সম্ভব না।’
‘অপারেশন সুন্দরবন’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান ও নুসরাত ফারিয়া। সিয়াম ও রোশান র্যাব কর্মকর্তার চরিত্রে আছেন। এ জন্য দুজন র্যাব হেডকোয়ার্টারে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। নুসরাত ফারিয়া অভিনয় করেছেন একজন বাঘ গবেষক হিসেবে। ছবিটিতে আরও আছেন রিয়াজ ও তাসকিন রহমান।
ছবিটি শুরুর আগে এক বছরের অধিক সময় ধরে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক ও তার টিম। এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। ‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করছে র্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট।
