আম্পানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে আনসার বাহিনী

আপডেট : ৩১ মে ২০২০, ০৭:৫৮ পিএম

ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত দুস্থ, হতদরিদ্র এবং অসহায় মানুষের ধ্বংস হওয়া ঘরবাড়ি, রাস্তাঘাট ও পুল, সাঁকো মেরামতের পাশাপাশি রাস্তায় উপড়ে পড়া গাছপালা সরিয়ে পথ তৈরির কাজ করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ নিজেও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুস্থ, গরিব, অসহায়, ছিন্নমূল এবং কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। রবিবার বাহিনীর উপপরিচালক (জনসংযোগ) মেহনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের মনিরামপুর ও শার্শা উপজেলার জনজীবন স্বাভাবিক করতে আনসার-ভিডিপি সদস্যবৃন্দ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং রাস্তার ওপর উপড়ে পড়া গাছপালা সরিয়ে রাস্তা চলাচলের উপযুক্ত করে তোলেন। একই ধরনের কাজে অংশ নেয় বাগেরহাট, সাতক্ষিরা, বরিশাল, ভোলা, চাঁদপুর, নড়াইল, বরগুনা, ঝালকাঠি-সহ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অন্যান্য জেলার আনসার-ভিডিপি কর্মকর্তা ও সদস্যরা।

চট্টগ্রামের পটিয়ায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা ঘূর্ণিঝড় আম্পানে ৩০টি ক্ষতিগ্রস্ত গরিব পরিবারের ঘরের চালা মেরামত করে দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। রাজশাহীর নওহাটায় ব্যাটালিয়নের পরিচালক ফজলে রাব্বি ১ লাখ ৫০ হাজার টাকা গরিব, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত