করোনার মধ্যেই প্রিয়জনকে হারালেন তাপসী

আপডেট : ৩১ মে ২০২০, ০৮:২৩ পিএম

করোনা সংকটকালেই তাপসী পান্নু হারালেন প্রিয়জনকে। মারা গেলেন তার আদরের ‘বিজি’ অর্থাৎ ঠাকুমা। শনিবার ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করে তাপসী লেখেন, ‘ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি। তোমার মৃত্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হল তা কোনোদিন পূরণ হওয়ার নয়। বিজি, ভালোবাসি তোমাকে।’

তাপসী পাঞ্জাবি। তাই পাঞ্জাবি রীতিতে ঠাকুরমার পারলৌকিক কাজকর্মের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে কীভাবে মারা গেলেন, আর কবেই বা মারা গেলেন তাপসীর আদরের বিজি, সে ব্যাপারে ভক্তদের বিস্তারিত জানাননি অভিনেত্রী।

তবে শোনা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর ঠাকুমা। তাপসীর সঙ্গে ঠাকুমার সম্পর্ক ছিল বেশ মধুর। বিভিন্ন সাক্ষাৎকারে বারবারই তার প্রসঙ্গ এনেছেন তাপসী, শেয়ার করেছেন ছোটবেলার স্মৃতি। তার প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

যেহেতু তাপসী এই মুহূর্তে বোনের সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন তাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘বিজি’-র সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি অভিনেত্রীর। কারণ, তার পরিবার বর্তমানে পাঞ্জাবে রয়েছেন।

তাপসীর প্রিয়জন হারানোর খবর প্রকাশ্যে আসতেই শোকবার্তা জানিয়েছেন অভিষেক বচ্চন, পাভেল গুলাটি-সহ তার সহ অভিনেতারাও। এই কঠিন পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে থাকার ভরসা জুগিয়েছেন তার অগণিত ভক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত