লাতিন আমেরিকায় ৫০ হাজার মানুষের প্রাণ গেল করোনায়

আপডেট : ৩১ মে ২০২০, ১১:৩৯ পিএম

সম্প্রতি লাতিন আমেরিকাকে নভেল করোনাভাইরাসের 'এপিসেন্টার' ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার এই অঞ্চলে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছেন, আক্রান্ত ১০ লাখের কাছাকাছি।

আলজাজিরা জানায়, দক্ষিণ আমেরিকা মহাদেশের এই অঞ্চলে করোনায় ৫০ হাজার ১০৫ জন মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ।

অঞ্চলটির ব্রাজিল, চিলি, মেক্সিকো, পেরুর করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ২৭৪ জন এবং নতুন মৃত ৯৫৬ জন। 

দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। বিশ্বজুড়ে আক্রান্তের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়।  এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৮৩৪ জন। মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ।

এরপর পেরুতে আক্রান্ত দেড় লাখের অধিক, মারা গেছেন ৪ হাজার ৩৭১ জন। চিলিতে আক্রান্ত লাখের কাছাকাছি, মৃত্যু ৯৯৭ জন। মেক্সিকোতে ৮৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৭৭৯ জন।

এদিকে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৮ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ, মারা গেছেন এক লাখ ৪ হাজারের কাছাকাছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত