চাঁদপুরে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ০৫:১৬ পিএম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়। এছাড়া হাজীগঞ্জ উপজেলায় অপর দুই জনের মৃত্যু হয়। বুধবার সকালে হাসপাতালে মারা যান এক নারী।

এদিকে মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পল্লী চিকিৎসক আবু তাহের ভূঁইয়া (৬০) মারা যান।

স্থানীয়রা জানায়, তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

তবে স্বাস্থ্য বিভাগ বলছে, তারা করোনা উপসর্গের তথ্য পাননি। তাছাড়া সদর উপজেলা স্বাস্থ্য বিভাগে করোনার নমুনা সংগ্রহ বন্ধ থাকায় তার নমুনাও সংগ্রহ করা যায়নি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, আবদুর রাজ্জাক (৭০) নামের এক বৃদ্ধ মঙ্গলবার রাতে হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি মারা যান।

এছাড়া লাকী আক্তার (৩৪) নামের এক নারী করোনা উপসর্গ নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন।

কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালে মারা যাওয়া দুই জনের বাড়ি সদর উপজেলার কল্যান্দী এলাকায়। তাদের দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো.শাখাওয়াত উল্লাহ জানান, মঙ্গলবার রাতে করোনা উপসর্গে হাজীগঞ্জ উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে।

এরা হলেন- হাজীগঞ্জ উপজেলার হাটিলা ইউনিয়নের বালিয়া এলাকার মজিবুর রহমান (৮০) ও হাজীগঞ্জ বাজার এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৭)। তাদের দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত