চট্টগ্রামে করোনায় চিকিৎসকসহ তিনজনের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২০, ০২:১৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক চিকিৎসক ও দুই নারীও রয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. মুহিদুল হাসানের মৃত্যু হয়েছে। তিনি চমেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ঈদের পরে করোনা শনাক্ত হয়ে চিকিৎসক মহিদুল আমাদের হাসপাতালের কেবিনে ভর্তি হয়। গতকাল উনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে, জেনারেল হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এবং সকাল ৭টায় দুই নারী হাসপাতালের আইসিইউতে মারা যান। 

এদের মধ্য ৫০ বছর বয়সী নারী নগরীর পাঁচলাইশ এলাকার এবং ৫৬ বছর বয়সী নারী জামালখান এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়ার কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, করোনায় আক্রান্ত ৫০ বছর বয়সী ওই নারী ২ জুন হাসপাতালে ভর্তি হয়। তিনি ডায়াবেটিস ও উচ্চরক্ত চাপে ভুগছিলেন। সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরপর সকাল ৭টার দিকে আইসিইউতে মারা যাওয়া ৫৬ বছর বয়সী কভিড আক্রান্ত ওই নারী উচ্চ রক্তচাপ ও হাইপার টেনশনে ভুগছিলেন। তাকে গত ২৯ মে হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত