দরপত্র জমা দেয়ার সময় এবার রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়রের ভাইয়ের হাতে কাউন্সিলর রবিউল আলম রতন লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সিটি করপোরেশন ভবনে দরপত্র জমা দেয়ার সময় ওই কাউন্সিলরকে মেয়রের ভাই আনিস ও তার লোকজন বাঁধা দেয় ও লাঞ্ছিত করে।
জানা যায়, রসিকের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর রতন টেন্ডার ড্রপে বাঁধার মুখে প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রসিকের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্যানেল মেয়রসহ অন্য কাউন্সিলররা। তারা অভিযোগ করেন, মেয়র হিসেবে মোস্তাফিজার রহমান দায়িত্ব গ্রহণের পর সিটি করপোরেশনকে পারিবারিক ও দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন।
তাদের দাবি, বৃহস্পতিবার করপোরেশনের ১৫টি গ্রুপের টেন্ডার দাখিলের তারিখ ছিল। এর মধ্যে এক নম্বর গ্রুপটি মেয়রের ভাই আনিস ও তার ক্যাডার বাহিনী কন্ট্রোল করছিল। ওই গ্রুপে টেন্ডার দাখিল করতে বাঁধা প্রদান করায় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রতন প্রতিবাদ করায় সেখানে হট্টগোল শুরু হয়। এসময় মেয়রের ভাই আনিস ও তার লোকজন কাউন্সিলর রতনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর তারা কাউন্সিলরদের সম্পর্কে অশালীন ও আপত্তিকর ভাষায় গালাগালি করেন।
এ ঘটনায় আগামী রবিবারের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মেয়রকে আল্টিমেটাম দেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মাহবুবার রহমান টিটু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিবলু, সংরক্ষিত নারী কাউন্সিলর ফেরদৌসি বেগম প্রমুখ।
মেয়রের দাবি, তার ভাইয়ের নাম জড়িয়ে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তার ভাই জড়িত নয় ।
