আইনমন্ত্রীর করোনায় আক্রান্তের খবর সত্য নয় : মন্ত্রণালয়

আপডেট : ০৫ জুন ২০২০, ০৪:০২ এএম

কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হকের করোনাভাইরাসে আক্রান্তের খবর সঠিক নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে আইনমন্ত্রী নাকি করোনায় আক্রান্ত, যা মোটেও সত্য নয়।’

তিনি আরও জানান, প্রকৃত সত্য হলো ৩ জুন (বুধবার) একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।’ চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে  উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোনো কোনো সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ‘প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত